লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান বা ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
রোববার (৫ জুলাই) দুপরে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্থ ৪৯ জন পরিবারের প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ৫০ বান্ডিল ঢেউটিন ও নিহত চার ব্যক্তির পরিবারের দু’জনকে ২৫ হাজার করে ৫০ হাজার ও দু’জনকে ১০ হাজার করে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক ও ঢেউটিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান।
পরে ব্যারিস্টার রাজিব স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদফতরসহ কয়েকটি দফতর পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতিসহ হাজিরা খাতা প্রত্যক্ষ করেন। কয়েকজনকে অফিসে উপস্থিত না পেয়ে এবং হাজিরা খাতায় স্বাক্ষর না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।


