গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) গড়গড়িয়া (নতুন বাজার) এলাকার পুস্পদাম রিসোর্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছে, আমরা বিশ্বাস করি অতীতের মতো তারা কোনো অন্যায় অপকর্মে জড়িত হবে না। কারণ, তারাও মজলুম ছিল, আমরাও মজলুম ছিলাম। আমরা একসাথে রাজপথে আন্দোলন করেছি। যদি কোনো অন্যায় বা জুলুম হয়, তাহলে আমরা রাজপথে দাঁড়িয়ে যাবো।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কলমের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, বলার মাধ্যমে আপনারা জাতিকে জাগ্রত করবেন। যদি এটা করতে পারি তাহলে স্বাধীনতার ৫৪ বছর পর স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। যা অতীতে পারিনি। কিন্তু আগামীতে স্বাধীনতার প্রকৃত স্বাদটা যেন এ দেশের মানুষকে দিতে পারি, স্বাধীনতার প্রকৃত স্বাদটা যেন আমরা ভোগ করতে পারি, দেশবাসী যেন ভোগ করতে পারে সেজন্য আমরা সচেষ্ট থাকব এবং চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান কুরআন নাযিলের মাস। দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আপনারা যদি কোরআনের শিক্ষাকে ধারণ করে সাংবাদিকতাকে সমাজে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আগামীতে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় ও অপকর্ম বন্ধ হবে।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি কোরআনের শিক্ষাকে ধারণ করলে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানিসহ মানুষের উপর যেসব অপরাধ হয় সেগুলো বন্ধ হবে। এজন্যেই কোরআনকে গাইডলাইন বলা হয়েছে। আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান খুঁজতে কোরআনের কাছে ফিরে যান, কোরআনকে জিজ্ঞেস করুন। সবকিছুর সমাধান কোরআনে পেয়ে যাবেন। আজকে যদি আমরা কুরআনকে বুকে ধারণ করি, তাহলে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের সর্বত্র ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

সাংবাদিকদেরকে সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিয়োজিত থাকবেন। আমি গণমাধ্যমকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমাজ উন্নয়নে একসাথে কাজ করতে চাই।’

আলোচনা সভা ও ইফতার মাহফিলে গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।