লক্ষ্মীপুরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ নয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজের সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফারায় সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত নিয়ে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতেও সময় লেগেছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।



