চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোসা: জেবুন্নেছা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মেডিক্যাল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা: তাসিন মোস্তফা, মেডিক্যাল অফিসার (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডা: সোমা চৌধুরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের প্রধান শিক্ষক ও কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ নুর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জেবুন্নেছা জানান, কর্ণফুলী উপজেলায় মোট ২৬ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগামী তিন সপ্তাহব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা দেয়া হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, নির্ধারিত সময়ে নিকটবর্তী স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে হাম-রুবেলা প্রতিরোধ করি।



