গফরগাঁওয়ের জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জামায়াত। সমাবেশে নেতারা হামলার জন্য একটি ‘সন্ত্রাসী চক্রকে’ দায়ী করে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
গফরগাঁওয়ের জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গফরগাঁওয়ের জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে জামায়াতের নেতা-কর্মীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১ জুন) বিকেলে পাগলা থানা সদরে জামায়াতে ইসলামীর পাগলা থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হীরার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর গফরগাঁও-পাগলায় মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঠাঁই হবে না। আমরা সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু দুঃখজনকভাবে নিগুয়ারীতে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র জামায়াতের নিরীহ নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।’

মাওলানা ইসমাঈল হোসেন বলেন, ‘এসব সন্ত্রাসী চক্র মাদককারবারি, বিল ও জলাশয় দখল, বালু মহাল নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের রাজত্ব কায়েম করেছে।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের নীরবতা ও ব্যর্থতার কারণেই আজ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

স্থানীয় জামায়াতের অভিযোগ, এ বিষয়টি স্থানীয় এমপিকে একাধিকবার অবহিত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসনের কাছেও দু’বার লিখিত অভিযোগ দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মাওলানা ইসমাঈল হোসেন সোহেল স্থানীয় এমপি ও প্রশাসনের ভূমিকার প্রতিও তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক বলেন, ‘প্রশাসনের ব্যর্থতা ও নীরবতার কারণেই আমরা আজ প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়েছি।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের লাগাম টানতে ব্যর্থ হলে প্রশাসনের দায় জনগণের সামনে আরো স্পষ্টভাবে তুলে ধরা হবে। যারা বারবার হামলা, ভয়ভীতি ও নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়েই প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ওয়ারী থানা জামায়াতের আমির মোতাসিম বিল্লাহ, সাংবাদিক মোফাজ্জল আনসারী এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।