মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারী নিহত

ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সড়ক দুর্ঘটনায় নারী নিহত |প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৩২ বছর। ঘটনাস্থল থেকে একটি মোবাইলফোন, নগদ এক হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেয়া হয়েছে।

এ ঘটনায় হাইওয়ে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, নিরাপদে রাস্তা পারাপারের জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার ব্যবহার করা উচিত।