মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সীল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মোংলায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা টুকু শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দিনভর প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
টুকু উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মরহুম নুরুল ইসলাম শেখের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে মূলহোতা টুকুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত সীল এবং প্যাড জব্দ করা হয়েছে।
ওসি আরো জানান, রাজনৈতিক আদর্শ পরিবর্তনের ক্ষেত্রে টুকুর ‘কৌশল’ বেশ চাতুর্যপূর্ণ। সে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও এনসিপি’র দলীয় পরিচয় ব্যবহার করেছে। সর্বশেষ সে নিজেকে শ্রমিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছিল।
রাতে এ ঘটনায় জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।



