বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়ে ফাতেমা (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা মাজারের মহিলা ঘাটে গোসল করতে নামে। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাত সাড়ে ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



