সিলেটে আরো ৩ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৬১

গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী |ফাইল ছবি

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জনে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ৭৪ জন ও মৌলভীবাজারে ২০ জন রয়েছেন। এছাড়া বিভাগের বাইরে থেকে আসা আরো পাঁচজন রোগী সিলেটে চিকিৎসা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে, চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। সরকারি প্রতিবেদনে দেখা যায়, নিহত ব্যক্তি সিলেট জেলার এবং তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোগী শনাক্ত অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।