কুষ্টিয়ার কুমারখালীতে দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তারা সম্পর্কে বেয়াই ছিলেন।
শুক্রবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকতার মোল্লা (৫০) উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের মৃত ফটিক মোল্লার ছেলে। আহত রবিউল ইসলাম (৫৩) একই ইউনিয়নের বাঁধবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুকতার মোল্লা অটোরিকশাযোগে ঝিনাইদহের শৈলকূপায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। তার সাথে ছিলেন তার মেয়ের শ্বশুর রবিউল ইসলাম।
পথে এনায়েতপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পাখিভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকতার মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল ইসলামের চিকিৎসা চলছে।
নিহতের ভাতিজা শিপন হোসেন জানান, দুর্ঘটনায় শুকতার মোল্লার বাম পায়ের হাঁটুতে গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুল রান্নান শেখ বলেন, “অটোর সামনে ডানদিকে হাঁটু বের করে বসেছিলেন ওই ব্যক্তি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।”
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, “গ্রামীণ সড়কে ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”



