চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির ১০ হাজার নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় অবস্থান করছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় গেছেন। পুরো উপজেলায় দুই শতাধিক বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। আবার অনেকে দু’দিন আগে থেকে ব্যক্তিগতভাবে ও ট্রেনে করে ঢাকায় গেছেন।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও উপজেলার খৈয়াছরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার দেশে ফেরার কথা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। প্রিয় নেতাকে এক নজর সামনে থেকে দেখার জন্য দেশে চলে এসেছি। এখন ঢাকায় অবস্থান করে দেশনায়ক তারেক রহমানের আসার প্রহর গুনছি।’
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী ঢাকায় এসেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।’
এ বিষয়ে চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজনের সাক্ষী হতে আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকায় এসেছি। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ আসন থেকে কমপক্ষে ১০ হাজার মানুষ ঢাকায় এসেছেন। ইতোমধ্যে লোকে লোকারণ্য। আশা করছি স্মরণকালের বড় জমায়েত হবে।’



