রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনে থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল ও চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে নওহাটা কলেজ মোড় সংলগ্ন ওই গোডাউন থেকে আকস্মিক ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যোগ দেন।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে কয়লায় পরিণত হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার সরকারি মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গোডাউনের ভেতরটা ঘিঞ্জি এবং সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (তেল) থাকায় আগুন পুরোপুরি নেভাতে বেশ বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি তারা।
এদিকে, টিসিবির পণ্য নিতে এসে চরম হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।
পণ্য নিতে আসা মতিন নামের এক ব্যক্তি জানান, ‘বুধবার এলাকায় মাইকিং করা হয়েছিল যে বৃহস্পতিবার টিসিবির পণ্য দেয়া হবে। সেই খবর পেয়ে পণ্য নিতে এসে দেখি গোডাউনে আগুন লেগে সব পুড়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।’
নওহাটা কলেজ মোড় এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এই এলাকায় আগুনের ভয়াবহতা বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘গোডাউনে আগুন লাগার বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।



