নাসিরনগরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

পান্না শিশুটিকে নির্জন রাস্তা থেকে কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পান্না সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

পান্না উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে আলাকপুর গ্রামে শিশুটি বাড়ির পাশের অন্য শিশুদের সাথে খেলাধুলা শেষে শনি পূজা দেখতে পাশের একটি বাড়িতে যাচ্ছিল। এ সময় পান্না শিশুটিকে নির্জন রাস্তা থেকে কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে আসে। পরিবারের সদস্যরা তাকে অস্বাভাবিক ও যন্ত্রণাদায়ক অবস্থায় থাকতে দেখে বিস্তারিত জানতে চাইলে সে ঘটনার কথা জানায়। পরে স্বজনরা রাতেই তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পান্নাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ভুক্তভোগীর বাবার মামলায় তাকে আটক দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’