বিয়ের রাতে বাড়ি ফিরেই অসুস্থ, হাসপাতালে ছাত্রলীগ নেতার মৃত্যু

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পরপরই অসুস্থ হয়ে পড়া ঠাকুরগাঁওয়ের সাবেক সেই ছাত্রলীগ নেতা জুয়েল রানা আর নেই।

Location :

Thakurgaon
মৃত জুয়েল রানা
মৃত জুয়েল রানা |নয়া দিগন্ত

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পরপরই অসুস্থ হয়ে পড়া ঠাকুরগাঁওয়ের সাবেক সেই ছাত্রলীগ নেতা জুয়েল রানা আর নেই। হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২২ জুন) সকালে তার মৃত্যু হয়েছে।

মৃত জুয়েল রানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) অত্যন্ত আনন্দঘন পরিবেশে জুয়েল রানার বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতে নতুন কনেকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে তিনি বাড়িতে ফেরেন। তবে বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি তীব্র শ্বাসকষ্ট অনুভব করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা আর দেরি না করে তাকে তাৎক্ষণিক ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন।

সাবেক ছাত্রনেতা আনারুল ইসলাম জানান, ‘কী দুর্ভাগ্য! ১৯ তারিখ রাতে বিয়ে করে আসে। ওই রাতেই আসার পর থেকে শ্বাসকষ্টজনিত কারণে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। আজ সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।’

রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক এই শীর্ষ নেতার এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোদ্ধা ও পরিচিতরা শোক প্রকাশ করছেন।