বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, ‘সকলের সহযোগিতায় বগুড়াকে আধুনিক জেলা হিসেবে গড়তে চাই।’
সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহসানুল তৈয়ব জাকির বলেন, ‘বগুড়া উত্তরবঙ্গের গেটওয়ে ও ঐতিহ্যবাহী জেলা। কিন্তু বিগত ১৭ বছর এখানে কোনো উন্নয়ন হয়নি। এমনকি জেলা পরিষদ অডিটোরিয়াম রঙ করতেও ব্যর্থ হয়েছে।’
তিনি আরো বলেন, ‘কাজের নামে বিগত দিনে লুটপাট হয়েছে। কিন্তু আর কোনো দুর্নীতি চলবে না। সাংবাদিক, জেন-জি সবার সতর্ক দৃষ্টি রয়েছে। এ ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।’
এর আগে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জজকোর্টের পিপি আব্দুল বাছেদ, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বক্তব্য দেন।
এর আগে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে আহসানুল তৈয়ব জাকিরকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি। এছাড়া তিনি সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাতলা পৌরসভার প্রশাসক ছিলেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে বর্তমান সংসদ সদস্য কাজী রফিকুলকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেয়া হলে দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।



