রাজশাহীর রাজাবাড়িহাটে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে পরিদর্শন শেষে খামারগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘খামারগুলোর কোথায় কী সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে কী ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’
এ সময় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জনবলের অভাব, একটি ডিপ টিউবওয়েল স্থাপন ও ভেঙে যাওয়া সীমানা প্রাচীর মেরামতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এমপি মুজিবুর রহমান।
দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার কমপ্লেক্সে চারটি খামার রয়েছে— (১) সরকারি দুগ্ধ খামার, (২) সরকারি গবাদি উন্নয়ন খামার, (৩) কৃত্রিম প্রজনন ও পশু উন্নয়ন ইউনিট ও (৪) পশুখাদ্য উৎপাদন ইউনিট। পরিদর্শনকালে এসব খামারের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক ডা: ইসমাইল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেন ও রাজশাহী জেলার সিভিল সার্জন ডা: রাজিউল করিম।
এছাড়া খামারগুলোর পরিচালকরা ও অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলার সহ-সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমির নুমায়ন আলী ও মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মুজিবুর রহমান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।
এ সময় এমপি মুজিবুর রহমান হাসপাতালের জরুরি বিভাগে বসার জন্য পর্যাপ্ত সিটিং চেয়ারের প্রয়োজনীয়তার কথা জানান এবং তা দ্রুত ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডিউটি অনুযায়ী কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রেজিস্টারও পর্যালোচনা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবাসিক ব্যবস্থাপনায় বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্টাফ কর্মরত রয়েছেন। এ সময় হাসপাতালের নবজাতক ও তাদের মায়েদের খোঁজখবর নেন এমপি মুজিবুর রহমান এবং তাদের সুস্থতার জন্য দোয়া করেন। পরে হাসপাতালের রান্নাঘরও পরিদর্শন করেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসানুল জাহিদ এ সময় মুজিবুর রহমান এমপিকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫০টি শয্যা রয়েছে। এখানে ২৪ জন চিকিৎসক, ৩০ জন নার্স ও প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য স্টাফ কর্মরত আছেন।
পরিদর্শনকালে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমির নুমায়ন আলীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



