সিলেটে বনবিভাগের বিল্ডিং থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলোর মধ্যে ছিল আটটি পাওয়ার জেল ও আটটি নন ইলেকট্রিক ডেটোনেটর।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধারকৃত পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর
উদ্ধারকৃত পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর |নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাটে বনবিভাগের একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) এর সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

জানা যায়, সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলোর মধ্যে ছিল আটটি পাওয়ার জেল ও আটটি নন ইলেকট্রিক ডেটোনেটর। উদ্ধারকৃত এসব উপকরণ উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে এসব বিস্ফোরক নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে র‌্যাবের ধারণা।

মিডিয়া অফিসার শহীদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসাথে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।