পিরোজপুরের নেছারাবাদে পেয়ারা বাগানে বন্ধুদের সাথে বেড়াতে এসে ট্রলার থেকে পানিতে পড়ে মুইন সরদার (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মুইন বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের বাসিন্দা মো: মনির সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারে থাকা তার বন্ধুদের সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটিতে কয়েকজন বন্ধুকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদের পেয়ারা বাগান ঘুরতে আসেন মুইন। ভ্রমণের একপর্যায়ে তারা একটি ট্রলারে করে পেয়ারা বাগানের ভেতরের খাল দিয়ে ঘুরে দেখছিলেন। এ সময় মুইন ট্রলার সামনের দিকে বসেছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি ট্রলার থেকে পানিতে পড়ে যান। পরে ট্রলারে থাকা তার বন্ধুরা ও স্থানীয় লোকজন ট্রলার থামিয়ে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



