নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে কয়েকটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার ভোলাবো গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে উপজেলার ভোলাবো গ্রামের আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের আরো কয়েকটি পরিবারের ঘরসহ মোট চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। একটি দোচালা টিনের ঘর স্থানীয় এলাকাবাসী শাবল ও খুন্তি দিয়ে সরিয়ে ফেলার কারণে পাশের আর কোনো ঘরবাড়িতে আগুন লাগেনি। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। আগুনে দু’টি সেমি পাকাঘর ও দু’টি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালি সরঞ্জামসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দু’টি সেমি পাকা ও দু’টি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, জমির দলিল, টাকা, কাপড়-চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালি সরঞ্জামসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, এলাকাবাসী দ্রুত দুচালা টিনের ঘরটি সরিয়ে নেয়ার কারণে আরো প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



