রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াভহ আগুনে দু’টি পাটের গুদাম, একটি তেলের মিলসহ ১০টি দোকান পুড়ে গেছে।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বহরপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন মো: আব্দুল জলিল মোল্লার তেলের মিলে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালিয়াকান্দি, পাংশা ও রাজবাড়ীর ফায়ার সাভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গোডাউন, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান ও আব্দুল হান্নান মোল্যার ছেলে সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে এক হাজার মন পাট, সরিষাসহ অন্য সম্পদ পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সাভিস স্টেশন অফিসার তরিকুল ইসলাম জানান, গত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত পাঁচ মাস আগেও বহরপুর বাজারে রাতে আগুনে পাটসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।



