সাতক্ষীরার শ্যামনগরে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অজ্ঞান করে নগদ চল্লিশ লাখ টাকা ও ৪০ ভরি ওজনের স্বর্ণের গহনাসহ এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মরহুম তারিক গাজীর ছেলে আরব আলী গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চেতনানাশক মিশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া আরব আলীর স্ত্রী শামসুন্নাহার (৬০) ও তার নাতি মারিয়ানাকে (১০) স্থানীয় সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া অসুস্থ আরব আলীর ছেলে মতিউর রহমান নান্টুর স্ত্রী রুনা ও তাদের চার বছর বয়সের ছেলে সিফাতকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মতিউর রহমান নান্টু বলেন, ‘জ্বালানি তেল নিয়ে চলমান সঙ্কটের কারণে গ্রাহকদের মাঝে সুষ্ঠুভাবে তেল বিতরণের জন্য শনিবার রাতে আমি ও আমার বাবা আরব আলী শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত আমাদের পেট্রোল পাম্পে ছিলাম। রমজান নগর ইউনিয়নের সোরা গ্রামের দোতলা বাড়ির নিচের তলায় রান্নাঘরে রাখা রাতের খাবারে জানালা দিয়ে স্প্রের মাধ্যমে চেতনানাশক মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে ওই খাবার খেয়ে আমার মা শামসুন্নাহার ও মারিয়ানা বাড়ির দোতালায় এবং আমার স্ত্রী রুনা ও ছেলে সিফাত নিচের তলায় অচেতন হয়ে পড়ে। এই সুযোগে রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা রান্নাঘরের জানলার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে। এ সময় ঘরের উপর তলায় ও নিচের তলার আলমারি ও লকার ভেঙে নগদ চল্লিশ লাখ টাকা ও ৪০ ভারি ওজনের স্বর্ণের গহনাসহ এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।’
তিনি আরো বলেন, ‘রাত ১২টার দিকে বাড়িতে গিয়ে দেখি ঘরের আলমারির লক ভাঙ্গা ও সমস্ত জিনিসপত্র তছনছ করা। বাড়িতে সবাই অচেতন হয়ে পড়ে আছে। এ সময় দ্রুত মা ও মারিয়ানাকে উদ্ধার করে সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করাই। অপেক্ষাকৃত কম অসুস্থ আমার স্ত্রীর রুনা ও ছেলে সিফাতকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’
খবর পেয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি খালিদুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ির মালিকের ছেলে মতিউর রহমান নান্টু থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ লুট হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’



