পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইকরা মডেল মাদরাসার দুই শিক্ষার্থী সফলভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা, সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জোহরের নামাজের পর মাদরাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা অর্জন ও দেশ-জাতির কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, পবিত্র কোরআনের হাফেজ হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো: দেলোয়ার হোসেন আনসারী, হাফেজ মাওলানা মো: আবু রায়হান, ইকরা মডেল মাদরাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, ইকরা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ এবং সহকারী পরিচালক মাওলানা সোহাগ মিলন সাব্বির।
অনুষ্ঠানের শেষপর্বে হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



