প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়ার নদনা, ভোগই বাজার থেকে কাঁচি পর্যন্ত এক কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম।
এ সময় তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশবিশেষ। খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ঘোষিত এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভিন রুহি। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



