মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১১ মে) সকাল ১১টায় সরকারি আইনউদ্দিন কলেজ শাখা ছাত্রশিবির ক্যাম্পাসের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২৫০টি বাংলা অনুবাদ সম্বলিত পবিত্র কোরআন শরীফ বিনামূল্যে বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের মানব উন্নয়ন সম্পাদক মো: ইমতিয়াজ হাসনাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুখালী উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো: ওবায়দুল্লাহ, সাবেক জেলা সভাপতি ফরিদুল হোসাইন, মধুখালী পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা শিবির সভাপতি সাইফুদ্দিন ও মধুখালী পৌর শিবিরের সভাপতি সাইফুল্লাহসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কোরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, কোরআনের বিধান মেনে চললে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা শিক্ষার্থীদের কোরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।
কোরআন দিবস সম্পর্কে বক্তরা বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়েরের প্রতিবাদে বাংলাদেশের তৌহিদী জনতা ব্যাপক বিক্ষোভ করে। ওই বছর ১১ মে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি ছুড়লে আটজন ভাই শাহাদাত বরণ করেন। কোরআন জন্য জীবন দেয়ার ঘটনাকে স্মরণীয় করে রাখতে ছাত্রশিবির দিনটিকে কোরআন দিবস হিসেবে পালন করে আসছে।



