সিলেটের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
এদিন বিকেলের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি বিওপি কর্তৃক পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু, মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পাটর্স, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স সামগ্রী, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশ বাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত টাটা ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা ৪৫ লাখ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাইপণ্যের ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।‘



