আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে চুয়াডাঙ্গার জীবননগরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬ বিজিবির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো: ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার ও বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো: ইফতেখার হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’
তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় গুজব, উত্তেজনা কিংবা অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
সভায় বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সকলের প্রতি আহ্বান জানান।



