চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: বরু (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় কেরামত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মো: বরু দর্শনা এলাকার মোবারকপাড়ার বদো মন্ডলের ছেলে বলে জানা গেছে।
বাড়ির মালিক কেরামত আলী জানান, ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি বাড়ির পাশের ঘরের কিনারায় একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জানতে পারেন, তিনি বাড়িতে থাকা একটি মোটর চুরি করতে এসেছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহউদ্দিন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



