গাজীপুর মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকা থেকে যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল চলাকালে গাছা থানার দুজন পুলিশ সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে তারা মিছিলের দিকে এগিয়ে যেতে চাইলে মিছিল থেকে এক ব্যক্তিকে বারবার বলতে শোনা যায়, ‘এই একটাও সামনে আবি না, মাইরালামু, মাইরালামু।’ একইসাথে মিছিলে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের অ্যাকশন’ স্লোগানও দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিলটির আয়োজন করা হয়। তবে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে হুমকিসূচক বক্তব্য প্রদান এবং প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, প্রকাশ্যে এমন স্লোগান ও কর্মসূচি চললেও কেন তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ভিডিওতে হুমকিমূলক বক্তব্য প্রদানকারী ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



