চলতি বছরের ছয় মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৮ জন। এর মধ্যে গত জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯ জন। এই সময়ে আহত হয়েছেন ৩৬ জন। আগের মাসের তুলনায় সিলেটে সড়ক দুর্ঘটনার সাথে কমেছে নিহত ও আহতের সংখ্যাও।
চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে গত মে মাসে। এই মাসে ৪২ দুর্ঘটনায় ৫১ জন নিহতের পাশাপাশি আহত হয়েছিলেন ৬৫ জন।
রোববার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জনই পথচারী। সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলায়। সবচেয়ে কম সঙ্ঘটিত হয়েছে সিলেট জেলায়।
প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। জুন মাসে সিলেট জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আটজন আহত, সুনামগঞ্জ জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত, মৌলভীবাজার জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও চারজন আহত ও হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিসচার গত ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গত মে মাসে ৪২ সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হন। এর আগের মাস এপ্রিলে বিভাগে ১৯ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হন।
এর আগে, মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও আহত হয়েছিলেন ৪৪ জন। ফেব্রুয়ারি মাসে ৩২ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হন। জানুয়ারি মাসে ২৫ সড়ক দুর্ঘটনায় ২৫ নিহত ও ৩৫ জন আহত হন।
জানা গেছে, গত মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সিলেট জেলায়। জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত, হবিগঞ্জে সাতটি দুর্ঘটনায় নয়জন নিহত ও তিনজন আহত এবং মৌলভীবাজারে পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও দু’জন আহত হন।
এপ্রিল মাসে বিভাগের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও নিহতের ঘটনা ঘটে। জেলায় নয়টি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত ও দু’জন আহত, মৌলভীবাজার জেলায় চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও দু’জন আহত এবং হবিগঞ্জ জেলায় তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হন।
মার্চে বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সিলেট জেলায়। কম সঙ্ঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।
ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সঙ্ঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সঙ্ঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২৭ জন আহত, সুনামগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৩৩ জন আহত, মৌলভীবাজার জেলায় একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত ও হবিগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৮১ জন আহত হন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও বেপরোয়া গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।



