লোহাগাড়ায় গরুর আঘাতে স্কুলছাত্রী নিহত, আহত ১

মেয়েটির মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
নিহত সারাবন তহুরা
নিহত সারাবন তহুরা |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কামাল হোসেন (৪১) নামে আরো একজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসি মাহফুজুর রহমানের মেয়ে এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহত কামাল সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমেদ হোসেনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয়রা জানায়, জসিম উদ্দিন নামে এক গরু ব্যবসায়ী পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য একটি গরু নিয়ে আসেন। হঠাৎ গরুটি রশি ছিঁড়ে পালানোর সময় তহুরাকে পিছন দিক থেকে শিং দিয়ে আঘাত করে। এতে সে একটি গাছ ও পাকা পিলারের সাথে সজোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, মেয়েটির মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।