কালিয়াকৈরে ম্যানহোলে পড়ে কিশোরের মৃত্যু

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট।

মীর মোহাম্মদ ফারুক, কালিয়াকৈর (গাজীপুর)

Location :

Gazipur
গাজীপুরের ম্যাপ
গাজীপুরের ম্যাপ |ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক ও জনপথ বিভাগের একটি খোলা ম্যানহোলে পড়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফুটপাতের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই কিশোর ফুটপাত দিয়ে হাঁটছিল। এ সময় মহাসড়কের পাশে থাকা একটি খোলা ও অরক্ষিত ড্রেনে অসাবধানতাবশত পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ড্রেন থেকে লাশটি উদ্ধার করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির আহমেদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা মহাসড়কের পাশে অরক্ষিত ড্রেন দ্রুত ঢেকে দেয়া ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।