কক্সবাজারের চকরিয়া পৌরসভার আমান পাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মহিলাসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত ডাকাতরা হলেন ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে একটি সশস্ত্র ডাকাত দল চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গভীর রাতে বসত বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার টহল পুলিশ একটি অভিযান পরিচালনা করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাতে গেলে পুলিশ ধাওয়া দিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনির হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে চকরিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় টহল বৃদ্ধি করে। রাত দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতি নিয়ে আমান পাড়ায় অবস্থান নেয় ডাকাতরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাতে চাইলে তাদের ধাওয়া দিয়ে দুই মহিলাসহ চারজনকে আটক করা হয়।’
আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দু’নলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, দু’টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, দু’টি তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা ও একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।
তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান ওসি।



