পাবনার সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার দিকে আসছিল। সড়াডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন নিহত হন। আহত হন আরো অন্তত চারজন। স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ওসি জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।



