কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর উপজেলার ইমপাওয়ারমেন্ট হাবের শাখা কার্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং উন্নয়ন-অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়।
সালেহী জানান, উলিপুরের উন্নয়নে নির্বাচনী ইশতেহারে দেয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সমালোচনাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে তিনি বলেন, ‘সাংবাদিক, সাধারণ মানুষসহ সকল পেশার মানুষ আমার সমালোচনা করতে পারবেন।’
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম, উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্ত ও সাংবাদিক মোন্নাফ আলীসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সাথে ইফতার গ্রহণ করেন সংসদ সদস্য।



