চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মস্থল থেকে ইফতারসামগ্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় জাহেদ হাসান সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নাহার অ্যাগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ওই গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। আহত ইকবাল হোসেন (২৪) একই এলাকার মোহাম্মদ ছলিম উদ্দিনের ছেলে। তারা দু’জনই স্থানীয় নাহার অ্যাগ্রো গ্রুপে চাকরি করতেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারসামগ্রী কিনে ফেরার সময় মহাসড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় চট্টগ্রামমুখী লেনে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ এবং একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



