নওগাঁর মান্দায় যমুনা পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড নামের এক লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুদ করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও লরিচালক আজমত আলীকে (৩৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক এরশাদ আলী উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে যমুনা নামবাহী একটি লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করা হচ্ছিল, এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। রাত ২টার দিকে হাতেনাতে ব্যবসায়ী এরশাদ ও চালককে আটক করা হয়। এ সময় তেলবাহী লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তারা জানান, এ সিন্ডিকেটের সাথে মঞ্জুরুল নামে অপর এক ব্যবসায়ী জড়িত রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুল গনি বলেন, ‘বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। এ চক্রের পলাতক সদস্য মঞ্জুরুলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



