তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘গণমাধ্যম ছাড়া আধুনিক সভ্যতার চর্চা সম্ভব নয়। গণমাধ্যম ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকার। রাষ্ট্রের কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য যেসব কল্যাণকর কাজ করা হচ্ছে তা কোনো দয়া বা অনুদান নয়; বরং গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা। সেজন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অর্থ বরাদ্দ বৃদ্ধি এবং কার্যক্রম বিস্তৃত করা হবে।’
শুক্রবার (১৩ মার্চ) বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে। বিগত ১৭ বছরে বগুড়াকে বঞ্চিত করা হয়েছে। সেসব উন্নয়ন তালিকা করে করা হবে।’
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কর্তৃক বগুড়া বিটিভি কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ম্যাডামের স্মৃতি ধরে রাখতে বিটিভি কেন্দ্র প্রতিষ্ঠায় কাজ করা হবে।’
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ ও যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো: তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক অনুদান হিসেবে সাড়ে ২৫ লাখ টাকা ও ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আট লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। পরে তথ্যমন্ত্রী বগুড়া প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিকেলে মন্ত্রী বগুড়া বেতার কেন্দ্র পরিদর্শন করেন।



