টাকা নিয়ে মাদককারবারির ৩ সহযোগীকে ছেড়ে দেয়ায় এসআইকে প্রত্যাহার

বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলায় তিনজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে এসআই মনির হোসেনকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযোগটি তদন্তে সত্যতা পাওয়ার পর জেলা পুলিশ এই ব্যবস্থা নেয়।

জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
আগৈলঝাড়া থানা
আগৈলঝাড়া থানা |সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় মাদককারবারির তিন সহযোগীকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) মো: মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে এসআই মো: মনির হোসেনকে ক্লোজ করে বরিশাল পুলিশ লাইনে দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের আস্কর গ্রামের রিন্টু মোল্লার ছেলে ‘মাদককারবারি’ শিবলী আহম্মেদসহ তার তিন সহযোগী নাইম মোল্লা, সাব্বির শাহ ও জিহাদ সরদারকে শনিবার রাতে বারপাইকা স্টিল ব্রিজের ওপর থেকে ধাওয়া করে দুই পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই মনির হোসেন।

মাদককারবারি শিবলী আহম্মেদের বিরুদ্ধে এসআই মনির হোসেন শনিবার সকালে মামলা করে বরিশাল আদালতে পাঠান। মাদককারবারির সহযোগী নাইম মোল্লা, সাব্বির শাহ ও জিহাদ সরদারকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয় এসআই মনির হোসেন।

এ বিষয়টি জেলা পুলিশ সুপারকে স্থানীয়রা অবহিত করলে বিষয়টির প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়। অবশেষে বুধবার রাতে জেলা পুলিশ সুপারের আদেশে উপ-পরিদর্শক (এসআই) মো: মনির হোসেনকে আগৈলঝাড়া থানা থেকে প্রত্যহার করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ।