ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেট সফরে তার সাথে আসছেন ডা: এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, নিপুণ রায়, খাইরুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।
কেন্দ্রীয় নেতাদের আগমনে সিলেটে কয়েক দিন থেকে প্রচারণা চলছে। নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়াপারসনের উপদেষ্টা এম এ মালিক।
তিনি জানান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সিলেটে দোয়া মাহফিলে অংশ নেবেন নেতৃবৃন্দ। এরপর জেলা ও মহানগর বিএনপির জনসভায় বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা।
সকালে সিলেটে এসে কেন্দ্রীয় নেতারা হযরত শাহজালাল র. ও শাহ পরাণ র.-এর মাজার জিয়ারত করবেন। এরপর দোয়া মাহফিল ও জনসভায় অংশ নেবেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাইযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো হেভিওয়েট নেতারা সিলেট সফরে আসায় দলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও এম এ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসতিয়াক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হেসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



