সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো: ইউনুছ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের রবিচাঁন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো: ইউনুছ উপজেলার ছদাহা ইউনিয়নের রবিচাঁন পাড়ার ফজল করিমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একই এলাকার পেঠান ও মাহমুদ শফির বিরোধপূর্ণ জায়গা-জমির পরিমাপ চলছিল। ওই জায়গার পাশে ভুক্তভোগী ইউনুছ ও নূর আহমদের বিরোধপূর্ণ জায়গা থাকায় পরিমাপে তারাও উপস্থিত ছিলেন। এ সময় জায়গার সীমানায় পরিমাপের ফিতা বসানোকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে নূর আহমদ সজোরে ইউনুছকে থাপ্পড় দেন।
এ ঘটনার পর ভুক্তভোগী ইউনুছ বাড়িতে চলে আসেন। এরপর তার স্ত্রী হাজেরা বেগম তাকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে যাওয়ার সময় হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইউনুছকে কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউনুছের ছোট ছেলে মো: জুবাইর জানান, পরিকল্পিত ভাবে নূর আহমদ গং আমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। পাঁচ বছর আগেও তারা আমার বাবাকে মারধর করে উল্টো মিথ্যা মামলা দিয়েছিল। ওই মামলায় আমার বাবা এক মাস কারাগারে ছিলেন। বাবাকে হত্যার ঘটনায় আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, জায়গাসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। পুরো ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



