বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নতুন নামকরণ চূড়ান্ত

ঘোষণা অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে ‘বেতগাড়ী ইউনিয়ন’। আর মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘জগন্নাথপুর ইউনিয়ন’ এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘রহবল ইউনিয়ন’ রাখা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bogura
শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে ‘বেতগাড়ী ইউনিয়ন’
শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে ‘বেতগাড়ী ইউনিয়ন’ |ইন্টারনেট

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নাম বদলে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে। বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনের ওই তিনটি ইউনিয়ন পরিবারের সদস্যদের নামে করেছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

অবশেষে গণশুনানির ভিত্তিতে ইউনিয়ন তিনটির নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় নামগুলো অনুমোদন দিয়ে প্রস্তাব (রেজুলেশন) হিসেবে লিপিবদ্ধ করা হয়।

আজ সোমবার রেজুলেশন পাস করা হবে। সভায় জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষণা অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে ‘বেতগাড়ী ইউনিয়ন’। আর মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘জগন্নাথপুর ইউনিয়ন’ এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘রহবল ইউনিয়ন’ রাখা হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, রোববার জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। সেটি রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়েছে। আজ পাস হলে প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

এরমধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত নাম দু’টি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সাথে মিলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরদিন বিষয়টি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘটনাকে ‘কাকতালীয়’ বলে সে সময় দাবি করেন। পরে বগুড়ার ইউনিয়নগুলোর নাম বদলানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র : বাসস