ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা রাশেদ তালুকদার আটক
ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা রাশেদ তালুকদার আটক |নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে গত ৮ জুলাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

তবে ঘটনাটি শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদার (৩২)। তিনি উপজেলার বারইকরণ এলাকার ফারুক তালুকদারের ছেলে। তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া বারইকরণ এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো: গিয়াস হাওলাদারের (২৮) কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন।

অপর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ঝালকাঠি সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মাহাদিপুর এলাকার মো: মারুফ হোসেন ওরফে প্রিন্স। তিনি মতিউর রহমানের ছেলে। তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁদের সাজা দেওয়া হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলী হাসান বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’