কাতারের সানাইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশী যুবকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা।
সোমবার (২২ জুন) এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলার আমির মাওলানা কামাল উদ্দিন ও কানাইঘাট পৌরশাখা আমির মাওলানা আব্দুল করীম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের ঘাম ঝরানো রেমিটেন্স আমাদের অর্থনীতি সচল রাখার অন্যতম মাধ্যম। সেই প্রবাসীদেরই পাঁচজন একসাথে দুর্ঘটনায় মারা যাওয়াটা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।
তারা নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



