আদর্শ রুকনরাই ইসলামি আন্দোলনের প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
তিনি বলেন, ‘রুকনিয়াত কোনো পদ নয়, এটি আত্মিক উন্নয়ন ও আদর্শিক দৃষ্টান্ত স্থাপনের এক মহান দায়িত্ব। ইসলামি সমাজ বিনির্মাণে রুকনদের অগ্রণী ভূমিকাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।’
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড-সংলগ্ন আল-হেলাল দাখিল মাদরাসা মিলনায়তনে গৌরনদী উপজেলা জামায়াতের উদ্যোগে এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জব্বার বলেন, ‘রুকনদের জীবনাচরণ এমন হতে হবে, যা দেখে অন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। চরিত্র, আমল ও আখলাকের মাধ্যমে তাদের হতে হবে সমাজের অনুকরণীয় আদর্শ।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সচেতন জনগণ শিগগিরই একটিমাত্র পরিবর্তনের প্রত্যাশায় তাকিয়ে আছেন। ইসলামপন্থী, সৎ, জনকল্যাণে নিবেদিত প্রার্থী হিসেবে বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানকে মানুষ প্রতিনিধিত্বে দেখতে চায়। ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার এ যাত্রায় যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’
গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির ডা: মাহফুজুর রহমান, জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, সদস্য অধ্যাপক মো: সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো: বায়েজিদ হোসেন শরীফ, সহকারী সেক্রেটারি মো: রুহুল আমিন সবুজ, পৌর জামায়াত আমির মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।



