লোহাগাড়ায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

চট্টগ্রামমুখী মিনিট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিনিট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির ভয়াবহ অবস্থা
মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির ভয়াবহ অবস্থা |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মিনি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কনক বড়ুয়া (৪০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত সাতজন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনক বড়ুয়া উপজেলার আধুনগন মছদিয়া বড়ুয়া পাড়া এলাকার রমেশ বড়ুয়ার ছেলে।

আহতরা হলেন— উপজেলার আধুনগর ৭ নম্বার ওয়ার্ডের হাজি রাস্তা এলাকার একই পরিবারের সদস্য হোসনে আরা বেগম, নাজমুল হুদা (৫৭), রোজা (১০ মাস), লিলি আকতার, রোমাইছা (৫) ও কানিজ ফাতেমা (৩৪) এবং মিনি ট্রাকের হেলপার মো: হাসান (১৭)।

এ ঘটনার পরপরই সেনাবাহিনী, দোহাজারি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, চট্টগ্রামমুখী মিনিট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিনিট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

নিহত কনক বড়ুয়ার বড় ভাই ধানাই বড়ুয়া বলেন, ‘সিএনজিটি আমার। আমার ছোট ভাই গাড়িটি ভাড়া চালায়। সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে আমার ভাই। খবরটি শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দেখি রক্তাক্ত অবস্থা। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পথে আমার ভাই কনক বড়ুয়া প্রাণ হারায়।’

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে সার্জেন্ট আবদুল মাতিন সালাফি ও এসআই আবদুস সাত্তারসহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে।’