উজিরপুরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরিশালের উজিরপুরে আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
আগুন লেগে দোকান পুড়ে ছাই
আগুন লেগে দোকান পুড়ে ছাই |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে জাকিরের সেনেটারি দোকান, মশিউর পোল্ট্রি ফিড, পরিমলের ফার্নিচারের দোকান, বাদলের স্টিলের দোকান, সুমনের বোট ও ফার্নিচারের দোকান, কবিরের স্টিল ও টাইলসের দু’টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

স্টিল ও টাইলস দোকানের মালিক কবির হাওলাদার জানান, তার দোকানে নগদ আড়াই লাখ টাকাসহ ৩০ লাখ টাকার ওপরে মালামাল ছিল।

আরেক ব্যবসায়ী সেনেটারি দোকানের মালিক জাকিরের জানান, তার দোকানে দুই লাখ টাকা নগদসহ অর্ধকোটি টাকার ওপরে সেনেটারি সামগ্রী ছিল।

বোট ও ফার্নিচার দোকানের মালিক সুমনের দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি তার।

মোট আটটি দোকান মালিকের প্রায় এক কোটি টাকার ওপরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

উজিরপুর ফায়ার সার্ভিসের লিডার রাসেল হোসেন ভূঁইয়া বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করেন। এতে একটি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি ‘

তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজা বলেন, ‘খবর পেয়ে আমি সরেজমিন দেখেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা দেয়ার চেষ্টা করা হবে।’