সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়ালকে হাসপাতালে ভর্তি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল বাবলু গাজী গুরুতর আহত হয়েছেন। সঙ্গীদের সাহসিকতায় তিনি প্রাণে বাঁচেন এবং পরে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Satkhira
সুন্দরবন
সুন্দরবন |সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার সকালে বাবলুকে তার সঙ্গীরা সুন্দরবনের ভেতর থেকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল রোববার দুপুরে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাবলুর ওপর বাঘের আক্রমণের এ ঘটনা ঘটে।

আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

তার সাথে থাকা মৌয়ালরা জানান, রোববার দুপুরে নৌকার মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। এ সময় হঠাৎ করে একটি বাঘ ঝোপের ভেতর থেকে বাবলু গাজীর ওপর আক্রমণ করে। এ অবস্থায় তার সঙ্গী ও অন্য মৌয়ালরা বাঘকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন এবং চিৎকার শুরু করেন।

একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে বনের ভেতরে চলে যায়। এরপর তারা বাবলুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে চিকিৎসা শেষে বাবলুকে নিয়ে তারা লোকালয়ের উদ্দেশে রওয়ানা হন। পরে আজ তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মৌয়াল বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, আমরা একসাথে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, আহত মৌয়াল বাবলু গাজী এখন শঙ্কা মুক্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : বাসস