সোনারগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, বহিষ্কৃত দুই নেতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
বহিষ্কৃত নেতারা
বহিষ্কৃত নেতারা |নয়া দিগন্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখার বিএনপি দুই নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন দলীয় পদপদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত বহিষ্কৃত ব্যক্তিদের সাথে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি বহিষ্কৃত ব্যক্তিরা পরে দলীয় পদপদবি ব্যবহার করে অথবা কোনো নেতাকর্মীর সাথে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরো কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দলের শৃঙ্খলা, ঐক্য ও সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপির সকল স্তরের নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপিতে থেকে বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ঘটনার তিনদিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’