মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাহমুদুর রহমান খোন্দকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: মহসিন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবু বক্কর মাদবরসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরে বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনা ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশাত্মবোধক আবৃত্তি ও বক্তব্য পরিবেশিত হয়। শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।



