সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক বিরোধী অভিযানে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান মান্না (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া মাদক সেবনের দায়ে হযরত আলী (৩০) নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩১ মে) গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতাল্লেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুল মান্নান মান্না জানিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মরহুম কলম উদ্দিনের ছেলে এবং হযরত আলী সাদুল্লাপুর উপজেলার খোদকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জানিপুর (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল মান্নান মান্নাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
অপরদিকে, বড় গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে হযরত আলীকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতাল্লেব হোসেন বলেন, গ্রেফতার আব্দুল মান্নান ও হযরত আলীর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা হয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে আগে থেকে একাধিক মাদক মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।



